ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের ইতিহাসে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় অনুষদের হলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৮ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে তার শিক্ষার্থীদের যোগ্যতার ওপর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা আসতে শুরু করেছে এবং এখানে র্যাগিংয়ের মতো অপসংস্কৃতি বন্ধ হয়েছে। আশা করি, আগামী পাঁচ বছরের মধ্যে এটি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।” তিনি শিক্ষার্থীদের মেধার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, আজকের দিনটি বিজ্ঞান অনুষদের জন্য একটি গৌরবময় অধ্যায়। একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা এই অ্যাওয়ার্ড চালু করেছি, যা শিক্ষার্থীদের গবেষণামনস্কতা, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে কাজ করবে।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক ও সাবেক শিক্ষার্থী মো. শাফায়েত হোসেন। তিনি এই উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিন মহোদয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনকে ধরে রেখে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ