ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: রমজান মাস শুরু হতেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাটবাজারে লেবু, তরমুজ ও ধনেপাতাসহ নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। বাড়তি দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অনেক মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে বাজারে এসে পণ্য না কিনেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।
উপজেলার ৯টি ইউনিয়ন এবং কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রোজার অজুহাতে প্রতিটি পণ্যের দাম কয়েক গুণ বাড়ানো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, যা সাধারণ সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। এছাড়া তরমুজ কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং ধনেপাতা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আসা দুলাল নামের এক ক্রেতা আক্ষেপ করে বলেন, "লেবু কিনতে এসেছিলাম, কিন্তু এক কেজির দাম ১৫০ টাকা শুনে সাহস পাচ্ছি না। প্রশাসনের কেউ বাজার তদারকি করলে ব্যবসায়ীরা এভাবে দাম বাড়ানোর সাহস পেত না।" আরেক ক্রেতা আব্দুল হাই বলেন, বাজারে সব জিনিসের দামে আগুন। তরমুজ ও লেবু কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে কখনো দেখেননি তিনি।
খুচরা বিক্রেতারা অবশ্য দাম বাড়ার জন্য পাইকারি বাজার ও বাগান মালিকদের দায়ী করছেন। তাদের দাবি, আড়ত থেকে পণ্য বেশি দামে কিনতে হচ্ছে বলেই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পরিবহন খরচ ও চাহিদার তুলনায় জোগান কম থাকাকেও তারা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কিছু পণ্য বিক্রেতারা চড়া দামে কিনছেন বলে দাবি করছেন। তারপরও সিন্ডিকেট করে বা অযৌক্তিকভাবে কেউ যেন দাম বাড়াতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ