ময়মনসিংহে সুমন হত্যার প্রধান ৩ আসামি গ্রেফতার

ময়মনসিংহে সুমন হত্যার প্রধান ৩ আসামি গ্রেফতার

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার অষ্টাধার ইউনিয়নে সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সাফল্য পেয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান তিন আসামিকে গ্রেফতারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

নিহত সুমন মিয়া ভিটাপাড়া গ্রামের মোঃ আমছর আলীর ছেলে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অষ্টাধার সেনপাড়া এলাকার একটি ধানক্ষেতের সেচের নালা থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে পরবর্তী সকাল সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় সুমন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে চালায়। অভিযানে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িত তিন যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শিপন (১৬), নাজমুল (২৫) ও সজীব (২০)।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, রেললাইনের পাশে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে আসামিরা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। তবে পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ময়মনসিংহের আদালতে আসামিদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন