মণিরামপুরে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

মণিরামপুরে শুরু হলো তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

আব্দুল্লাহ আল মামুন, যশোর: “প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা–২০২৬। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সনাতন কৃষি ছেড়ে আমাদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাণিজ্যিক কৃষিতে প্রবেশ করতে হবে। এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি মণিরামপুরের প্রতিটি কৃষককে প্রযুক্তির ছোঁয়ায় নিজেদের ভাগ্য বদলানোর আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর চাষ পদ্ধতির বিভিন্ন স্টল প্রদর্শিত হচ্ছে। মেলাটি স্থানীয় কৃষকদের জন্য আধুনিক চাষাবাদে বাস্তবমুখী দিকনির্দেশনা দেবে বলে আশা করছে কৃষি বিভাগ। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন