নুরুল ইসলাম মনি চিফ হুইপ মনোনীত: বেতাগীতে আনন্দ মিছিল

নুরুল ইসলাম মনি চিফ হুইপ মনোনীত: বেতাগীতে আনন্দ মিছিল

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব লাভ করেছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তির খবরে নির্বাচনী এলাকা জুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

নিয়োগের খবর নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল বের করেন। এর আগে সোমবার সন্ধ্যায়ও উপজেলায় একই ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরের মিছিলটি বেতাগী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বরগুনা-২ আসনের গর্ব আলহাজ নুরুল ইসলাম মনি চিফ হুইপ মনোনীত হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তারা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আনন্দ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নুরুল ইসলাম মনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে দেশের সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন