মাওনা চৌরাস্তায় মহাসড়ক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

মাওনা চৌরাস্তায় মহাসড়ক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

সাখাওয়াত হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অস্থায়ী বাজার ইজারার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (২ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

মাওনা চৌরাস্তা এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার ইজারার আড়ালে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করা হয়েছে। এর ফলে সড়ক সংকুচিত হয়ে দিনভর তীব্র যানজট লেগে থাকছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাঁরা বলেন, মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়ক সংযোগস্থল। এখানে ইজারার নামে বাজার বসানো সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। অবিলম্বে এই ইজারা বাতিল করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান তাঁরা।

আন্দোলনকারীদের প্রধান ৪ দাবি: ১. মহাসড়কে অস্থায়ী বাজার ইজারা প্রথা সম্পূর্ণ বন্ধ করা। ২. সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করা। ৩. যানজট নিরসনে প্রশাসনের কার্যকর ও কঠোর উদ্যোগ গ্রহণ। ৪. মহাসড়কের বাইরে স্থায়ী ও পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা।

আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, জনস্বার্থ রক্ষায় এবং মাওনা চৌরাস্তা মহাসড়ক ইজারামুক্ত না হওয়া পর্যন্ত তাঁদের এই শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন