ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দেশের খুচরা বাজারে সাধারণ মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বাড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, গতকাল সোমবার থেকে প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের দাম খুচরা বাজারে বাড়ার খবরটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপরই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর বাজার তদারকি সংস্থাগুলো সক্রিয় হয়েছে এবং ইতোমধ্যে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি করেন তিনি। সরকার যেকোনো মূল্যে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বদ্ধপরিকর।
এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কের বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো সকল বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি। জনগণের ভোগান্তি কমাতে এবং সৌন্দর্য রক্ষায় অপ্রয়োজনীয় প্রচারণার বিরুদ্ধে তাঁর এই কঠোর অবস্থানের কথা জানান আতিকুর রহমান রুমন। কোনো ব্যক্তি বা সংগঠনের অতি-উৎসাহী প্রচারণার দায় প্রধানমন্ত্রী নেবেন না এবং দ্রুত এসব সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার এবং মৎস্য সম্পদ রক্ষায় সাগরে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ