গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে: মোমিন মেহেদী

গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে: মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নাহিদ-হাসনাত-সার্জিস-আখতারের মতো ‘গণশত্রুরা’ এখন গণভোটকে নিজেদের স্বার্থে ব্যবহার বা ‘ক্যাশ’ করতে চাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

‘বিশ্বব্যাপী বিশ্ব মোড়লের আগ্রাসন বন্ধে করণীয়’ শীর্ষক এই সভায় মোমিন মেহেদী বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডসহ গত ১৮ মাসে ইউনূস সরকারের অধীনে সংগঠিত বিভিন্ন অপরাধ ও দুর্নীতির দায় থেকে মুক্তি পেতেই তারা এই অপকৌশল অবলম্বন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়মুক্তি না পেলে সংবিধান লঙ্ঘন ও জ¦ালাও-পোড়াওয়ের অপরাধে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে ভেবেই তারা ‘পাগলের প্রলাপ’ বকছে।

 নতুনধারার চেয়ারম্যান অভিযোগ করেন, কোটা বৈষম্য দূর করার নামে এই গোষ্ঠীটি মানুষের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক দ্বন্দ্ব তৈরি করছে। তারা ক্ষমতা কুক্ষিগত করতে হানাহানি ও খুনাখুনি লাগিয়ে রেখেছে এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে জোট বেঁধে রাজনীতিকে কলুষিত করছে। এদেরকে প্রতিহত করা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

সভায় নেতৃবৃন্দ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, জাতিসংঘ আজ শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে কেবল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষায় ব্যস্ত। বক্তারা অবিলম্বে খামেনীসহ সকল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিশ্বজুড়ে চলমান সহিংস যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী।

এ/সকালবেলা

মন্তব্য করুন