ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলছিল। আছমত আলী মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করলেও গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবু বক্কর সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নেন। সোমবার সকালে আবু বক্কর তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১১ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) মারা যান। অন্যদিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সালাম (৬০)। উল্লেখ্য, এই একই পুকুরের দখল নিয়ে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও মামলা দায়ের ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ