ঈদগাঁওতে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ: বনবিভাগের অভিযানে বাধা

ঈদগাঁওতে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ: বনবিভাগের অভিযানে বাধা

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব চলছে। বনের গাছপালা কেটে ও পাহাড় ধ্বংস করে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে নতুন নতুন স্থাপনা। এতে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। বনবিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলেও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের বাধা ও হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিপুর এলাকায় জনৈক ছৈয়দ আকবরের বাড়ির পাশে বনের গাছ কেটে ঘর নির্মাণ করেছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় ইউপি সদস্য (এমইউপি) জুনায়েদ হোসেন জিকুর নেতৃত্বে এই বনভূমি দখল সিন্ডিকেটটি সক্রিয় বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক অভিযানের সময় বন কর্মকর্তা ও ভিলেজারদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা জানান, সংরক্ষিত বনভূমিতে স্থাপনা নির্মাণের খবর পেয়ে শুরুতে সীমিত জনবল নিয়ে বাধা দেওয়া হয়েছিল। তখন দখলদাররা স্থাপনা না করার অঙ্গীকার করলেও পরবর্তীতে ক্ষমতার দাপট দেখিয়ে ঘর নির্মাণ সম্পন্ন করে। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জুনায়েদ হোসেন জিকুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জানান, সংরক্ষিত বনভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বনবিভাগের কাজে যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুতই সেখানে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন