ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) সংবাদদাতা: খুলনার কয়রা উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী এলাকার আরশাদ আলী গাজীর ছেলে। তিনি কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়রা সদরের দালাল মোড় সংলগ্ন জনৈক রবিউলের বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছিলেন এনামুল। মইয়ে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত জীবন্ত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি ওপর থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ আশিকুর রহমান জানান, এনামুল হককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মস্থলে সহকর্মীর এমন মৃত্যুতে কয়রা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ