ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রস্তাব দিয়েছে সরকার।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এখন থেকেই তা বাস্তবায়ন শুরু করতে চায়। সেই ধারাবাহিকতায় প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাৎ করে প্রস্তাব দেওয়া হয়েছে যেন তারা ডেপুটি স্পিকার ঠিক করেন। লক্ষ্য হলো, স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, যদিও সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই নিতে পারে, তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। সরকার ‘গুড উইল’ বা সদিচ্ছার নিদর্শন হিসেবে এখনই এই প্রস্তাব দিয়েছে। উচ্চকক্ষ গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি বর্তমানে আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংসদে ভারসাম্য বজায় রাখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্রে একটি নতুন সুস্থ ধারা সূচিত হবে বলে আশা করা হচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ