ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ৫ বছরের কন্যা সন্তানসহ অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজ গৃহবধূর নাম আশা খাতুন (২২) এবং তার শিশু কন্যার নাম আরোহি জান্নাত (৫)। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তারা নিখোঁজ থাকলেও দীর্ঘ সময় পর বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় গৃহবধূর মা নূর জাহান বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের স্ত্রী আশা খাতুন গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে খালার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর আর তিনি ঘরে ফেরেননি। পরিবারের দাবি, স্বামী বিদেশে থাকার সুযোগে পার্শ্ববর্তী পারখাজুরা গ্রামের তপন দাসের ছেলে কৌশিক (২১) মোবাইলে আশার সাথে যোগাযোগ করে তাকে উত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, কৌশিক ও তার সহযোগীরা রাজগঞ্জ বাজার এলাকা থেকে মা ও শিশুকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।
নিখোঁজ আশার মা নূর জাহান বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার জামাই বিদেশে রক্ত পানি করে টাকা পাঠায়, আর এই ফাঁকে আমার মেয়েটারে ফুসলাইয়া নিয়া গেল। আমি আমার ৫ বছরের নাতনি আর মাইয়ারে ফেরত চাই।” তিনি আরও জানান, মেয়ে ও নাতনিকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু এখনো কোনো কূল-কিনারা করতে পারেননি। এ ঘটনায় কৌশিক ছাড়াও তার বাবা তপনসহ অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ গৃহবধূ ও শিশুকে উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অভিযুক্ত যুবক ও তার পরিবার এলাকা থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ