বগুড়ায় নেতৃত্বের বিরোধে ছুরিকাঘাত, কলেজ ছাত্রদল সভাপতি গুরুতর আহত

বগুড়ায় নেতৃত্বের বিরোধে ছুরিকাঘাত, কলেজ ছাত্রদল সভাপতি গুরুতর আহত

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিল পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের নেতৃত্বে ১০–১৫ জনের একটি সশস্ত্র দল আকস্মিকভাবে শাকিলের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত পলিন পৌর জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ স্ট্যালিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, শাকিল ও পলিনের মধ্যে ছাত্রদলের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছিল। পাশাপাশি ঘটনার আগে এক তরুণীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় পলিন ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহতের মা ফিরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে হাসপাতালে আহত শাকিলকে দেখতে যান বিএনপি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অভিযুক্তরা যদি দলের সাথে সম্পৃক্তও থাকে, তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন