মুন্সিগঞ্জে তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

মুন্সিগঞ্জে তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর এলাকায় তিন সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই গৃহবধূর নাম মৌরিতা জাহান (২৫)। এ ঘটনায় তার স্বামী নাছির শেখ (৪৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তদের ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন ভুক্তভোগী স্বামী।

জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, নাছির শেখের মালিকানাধীন একটি গার্মেন্টসে কাজ করার সময় স্থানীয় যুবক নাজমুল হাসানের সঙ্গে মৌরিতা জাহানের পরিচয় হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা জানতে পারেন, তিনি নাজমুলের সঙ্গে ঢাকার পোস্তগোলা এলাকায় অবস্থান করছেন। সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফেরার পর কিছুদিন স্বাভাবিকভাবে সংসার করলেও গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ইফতারের পর তিন সন্তানকে রেখে তিনি আবারও নাজমুলের সঙ্গে পালিয়ে যান।

ভুক্তভোগী স্বামী নাছির শেখ অভিযোগ করেন, পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী প্রেমিক নাজমুলের সহায়তায় ঘর থেকে নগদ ৪ লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অবুঝ সন্তানদের রেখে বারবার এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় পরিবার ও স্বজনরা চরম সামাজিক বিব্রতকর অবস্থায় পড়েছেন। নাছির শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি তার স্ত্রী ও নাজমুলকে ধরিয়ে দিতে পারবেন, তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

মুন্সিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গৃহবধূর নিখোঁজ ও অর্থ-স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই গৃহবধূ ও অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন