জরাজীর্ণ ঘোড়াঘাট ডাকবাংলো: ঐতিহ্যের কঙ্কালে মাদকসেবীদের আস্তানা

জরাজীর্ণ ঘোড়াঘাট ডাকবাংলো: ঐতিহ্যের কঙ্কালে মাদকসেবীদের আস্তানা

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদরে অবস্থিত ব্রিটিশ আমলের ঐতিহাসিক ডাকবাংলোটি এখন কেবলই এক জরাজীর্ণ কঙ্কাল। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে শতবর্ষী এই স্থাপনাটি বিলুপ্তির পথে। চুন-সুরকির নান্দনিক কারুকার্য খচিত এই ভবনটি এখন অতিথিদের পরিবর্তে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট থানার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এই ডাকবাংলোটি এক সময় ছিল আভিজাত্য ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। বর্তমানে ভবনটির ছাদ ও টিনের চাল দিয়ে বৃষ্টিতে পানি পড়ে, দেয়ালের ইট খসে পড়ছে এবং ছাদে আগাছা জন্মেছে। আসবাবপত্র ও দরজা-জানালা প্রায় নেই বললেই চলে। নিরাপত্তার প্রাচীর ভেঙে যাওয়ায় মাদকসেবীরা অনায়াসেই ভেতরে যাতায়াত করছে। অভিযোগ রয়েছে, ডাকবাংলোর ভেতরের দামী চেয়ার-টেবিল, খাট এমনকি গ্যারেজের টিন পর্যন্ত মাদকসেবীরা চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো প্রহরী না থাকায় এই ঐতিহাসিক ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাদকসেবীদের আনাগোনা বাড়ায় সাধারণ মানুষ এদিকে আসতে ভয় পায়। অথচ উপযুক্ত তদারকি থাকলে এটি উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হতে পারত। সচেতন মহলের মতে, ভবনটি সংস্কার করে পুনরায় সচল করা অথবা ভেঙে নতুন করে সরকারি কমিউনিটি সেন্টার বা পর্যটন পার্ক নির্মাণ করলে সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস হতে পারে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রুবানাতানজিন জানান, ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপনাটি ঐতিহ্যের অংশ। ডাকবাংলোটি সংস্কার ও পুনরায় ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐতিহাসিক এই সম্পদ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন