অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত সিলেটের ৯ প্রতিষ্ঠান: তালিকায় শ্রীমঙ্গলের বাডস্ স্কুল

অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত সিলেটের ৯ প্রতিষ্ঠান: তালিকায় শ্রীমঙ্গলের বাডস্ স্কুল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় সিলেট বিভাগের উল্লেখযোগ্য ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, যার মধ্যে শ্রীমঙ্গলের নামী প্রতিষ্ঠান ‘দ্যা বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ’ অন্যতম।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত তদন্ত ও নিরীক্ষায় এই প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ অনিয়মের চিত্র ফুটে উঠেছে। প্রকাশিত প্রতিবেদনে মূলত শিক্ষকদের জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ দিয়ে চাকরি করা, অবৈধ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ, সরকারি অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্ত তালিকার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেট বিভাগের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—সিলেটের কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা, মৌলভীবাজারের কমলগঞ্জের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, বড়লেখার কেছরিগুল উচ্চ বিদ্যালয় ও তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়। এছাড়া হবিগঞ্জ জেলার জগদানন্দ দাস মোহন্ত (জে ডি এম) উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ সদরের কবির কলিজিয়েট একাডেমির নামও তালিকায় রয়েছে।

ইতিমধ্যেই এই তদন্ত প্রতিবেদনের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতিদের কাছেও ই-মেইলে প্রতিবেদনটি প্রেরণ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রতিবেদন না পেলে ডি-নথি সিস্টেম অথবা সরাসরি অধিদপ্তরে আবেদনের মাধ্যমে তা সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। দীর্ঘদিনের তদন্তে উঠে আসা এসব অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন