সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে স্বস্তির খবর দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছিলেন তিনি। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে সোমবার (২ মার্চ) সকাল ১০টায় তিনি ঢাকায় অবতরণ করেন।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুশফিকের দেশে ফেরার কথা ছিল। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের জটিলতা তৈরি হয়। পরিকল্পনা অনুযায়ী ওমরাহ শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার পথে মাঝ আকাশ থেকে তাঁর ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে বেশ কিছু সময় তাঁকে সৌদি আরবেই অবস্থান করতে হয়।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক বিমানে ওঠার খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাঁদেরকে যাঁরা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন।"

মুশফিকের আটকে পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করেন। তিনি জানান, মুশফিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। বিসিবির পক্ষ থেকেও তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়। দীর্ঘ অপেক্ষার পর এই তারকা ক্রিকেটারের নিরাপদে ফেরা ভক্ত ও সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন