শেরপুরে ঘুষের অভিযোগে শোকজ পেলেও স্বপদেই বহাল সেই ভূমি কর্মকর্তা

শেরপুরে ঘুষের অভিযোগে শোকজ পেলেও স্বপদেই বহাল সেই ভূমি কর্মকর্তা

পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমি সেবায় ঘুষ গ্রহণের অভিযোগে শোকজ করা হলেও নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সেলিনা পারভীন নিয়মিতভাবে অফিস করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে স্থানীয় সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘুষ বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগে গত ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়। তবে শোকজের পরও তার দাপ্তরিক কার্যক্রমে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। তিনি পূর্বের মতোই অফিসে উপস্থিত থেকে ভূমি সংক্রান্ত কাজ পরিচালনা করছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যা বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে তা নিজের ব্যাগে রেখে দিচ্ছেন তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই—তুই শুধু টাকা পাঠাবি।”

অভিযোগ রয়েছে, নামজারি ও খারিজসহ বিভিন্ন ভূমি সেবা পেতে দীর্ঘদিন ধরেই এই কার্যালয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল। সরাসরি লেনদেনের ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারির জন্য তার কাছে ৮ হাজার টাকা দাবি করা হয়, যেখানে সরকারি নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা। অতিরিক্ত অর্থের কারণ জানতে চাইলে বলা হয়, শুধু সরকারি ফিতে কাজ হয় না, 'উপরের খরচ' আছে। অনেকেই এমন হয়রানির ভয়ে ১০ থেকে ১৫ হাজার টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং ভিডিওর সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শোকজ-পরবর্তী সময়ে অভিযুক্ত কর্মকর্তার নিয়মিত অফিস করা এবং দাপটের সাথে কাজ চালিয়ে যাওয়া নিয়ে জনমনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, দ্রুত ও দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না নিলে ভূমি অফিসের ওপর থেকে সাধারণ মানুষের আস্থাহীনতা আরও প্রকট হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন