সংবাদের প্রতিফলন: মণিরামপুরে নাগরিক সেবা ও বাজার মনিটরিং জোরদার

সংবাদের প্রতিফলন: মণিরামপুরে নাগরিক সেবা ও বাজার মনিটরিং জোরদার

আব্দুল্লাহ আল মামুন, যশোর: মণিরামপুর পৌরসভার সেবা ব্যাহত ও নাগরিক দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে শহরের ড্রেন পরিষ্কার, মশক নিধন এবং বাজার মনিটরিং কার্যক্রম ব্যাপক হারে জোরদার করা হয়েছে। সংবাদ প্রকাশের পর দ্রুত এই পদক্ষেপ নেওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে মণিরামপুর পৌরসভার অব্যবস্থাপনা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পরদিনই মাঠে নামে পৌর কর্তৃপক্ষ। শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। এছাড়া বর্ষা ও রমজানকে সামনে রেখে মশার উপদ্রব কমাতে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন জানান, রমজানে সাধারণ মানুষ যেন অতিরিক্ত মূল্য বা কৃত্রিম সংকটের শিকার না হয়, সেজন্য বাজার মনিটরিং নিয়মিত থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাগরিক সেবায় কোনো গাফিলতি বা অনিয়ম দেখলে সরাসরি প্রশাসনকে জানাতে অনুরোধ করেছেন তিনি।

সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের এই ত্বরিত পদক্ষেপে খুশি সচেতন মহল। তারা মনে করছেন, কেবল লোকদেখানো নয় বরং এই নিয়মিত তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর অব্যাহত থাকলে মণিরামপুর একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে উঠবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন