ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ডাকাত ও ‘ভুয়া পুলিশ’ বলে গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেন স্বজনরা। এ সময় আসামিপক্ষের নারীরা পুলিশ সদস্যদের কামড়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোমহর্ষক এই ঘটনায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানার অন্তত ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি আদিল (২২) ও তার বাবা মনির হোসেনকে (৫০) গ্রেপ্তার করতে টাঙ্গাইল থেকে পুলিশের একটি দল শ্রীপুরে আসে। তারা স্থানীয় শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নিজমাওনা গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় বাড়ির লোকজন ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে বাড়ির নারী সদস্যরা পুলিশ সদস্যদের হাতে কামড় দিয়ে গুরুতর আহত করেন এবং হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান। এতে টাঙ্গাইল সদর থানার ৬ জন এবং শ্রীপুর থানার ৫ জন পুলিশ সদস্য আহত হন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে (দুইজন নারী) গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ওপর হামলার এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ