কয়েক ঘণ্টার ব্যবধানে ভরিতে ১১ হাজার বাড়লো স্বর্ণের দাম

কয়েক ঘণ্টার ব্যবধানে ভরিতে ১১ হাজার বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে। এর আগে একই দিন সকালে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে ভরিতে দাম বেড়েছে প্রায় ১০ হাজার ৯০৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন দাম বিকাল ৪টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা। গ্রাম হিসেবে স্বর্ণালংকারের নতুন দাম—২২ ক্যারেট প্রতি গ্রাম ২২ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেট ২১ হাজার ৪৫০ টাকা, ১৮ ক্যারেট ১৮ হাজার ৩৮৫ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১৫ হাজার ৪৫ টাকা।

রুপা অলংকারের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট প্রতি গ্রাম রুপার দাম ৫৬০ টাকা, ২১ ক্যারেট ৫৩৫ টাকা, ১৮ ক্যারেট ৪৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ৩৪৫ টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে সই করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন