ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে টাঙ্গাইল পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পৌরসভা চত্বরে অবস্থান নেন। তাদের মূল দাবি হলো—জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম গ্রেড থেকে ১১তম গ্রেড পর্যন্ত বিদ্যমান বেতন বৈষম্য ও জটিলতা নিরসন করা। দীর্ঘদিনের এই বৈষম্যের কারণে তারা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান আন্দোলনকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান খান রুবেল, সাধারণ সম্পাদক শোভন ইসলাম খান অন্তু, সহ-সভাপতি মিজানুর রহমান এবং বাংলাদেশ পৌরসভা কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদৎ হোসেন।
বক্তারা বলেন, বেতন কাঠামো ও গ্রেড সংক্রান্ত জটিলতা নিরসনে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ দাবি জানিয়ে আসছেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। অবস্থান ধর্মঘট চলাকালীন টাঙ্গাইল পৌরসভার দাপ্তরিক ও নাগরিক সেবা কার্যক্রম আংশিকভাবে বিঘ্নিত হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ