ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর: আসন্ন নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর শহরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ‘ভোটের সীল’সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের ‘মারইয়াম প্রিন্টার্স’ থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং ওই প্রিন্টিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রিন্টার্সে অভিযান চালায়। তল্লাশিকালে দোকানটি থেকে হুবহু ভোটে ব্যবহৃত ৬টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সীলগুলোসহ একটি মোবাইল ফোন এবং কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি অর্ডার পেয়ে সীলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এই অবৈধ সীল তৈরির অর্ডার দিয়েছেন, সে বিষয়ে তিনি মুখ খোলেননি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন জানান, প্রিন্টিং প্রেসে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি ভোটের সীল তৈরি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ