লালমনিরহাটে ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাটে ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল গেস্ট হাউজ দখল ও ভাঙচুরের অভিযোগ

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট শহরের মোগলহাট রেলগেট (বিডিআর গেট) এলাকায় অবস্থিত প্রায় ৪০ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘নর্থ বেঙ্গল গেস্ট হাউজ’ জোরপূর্বক দখল এবং তছনছ করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের মূল মালিক প্রয়াত এবিএম শরীফ উদ্দিনের ছোট ভাই আরমান উদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। গেস্ট হাউজটির ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত ইতিমধ্যে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি গেস্ট হাউজটিতে প্রথম দফায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। এরপর গত ১ ফেব্রুয়ারি গভীর রাতে একদল লোক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল তছনছ করে। প্রয়াত শরীফ উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার জানান যে, তার স্বামীর মৃত্যুর পর থেকেই তার দেবর আরমান উদ্দিন টুলু সম্পত্তিটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

পারিবারিক ও দলিল সূত্রে জানা গেছে, গেস্ট হাউজটির মোট ১৩ শতাংশ জমির মধ্যে সেলিনা আক্তার ও তার দুই কন্যা যৌথভাবে ১০.০৯ শতাংশের মালিক। অন্যদিকে আরমান উদ্দিন টুলুর মালিকানা রয়েছে মাত্র ১.৩৪ শতাংশে। মালিকপক্ষের দাবি, সামান্য অংশের অংশীদার হওয়া সত্ত্বেও ক্ষমতার দাপটে পুরো গেস্ট হাউজটি দখলে নিতে চাইছেন তিনি। বর্তমানে বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলছে।

গেস্ট হাউজের ম্যানেজার অভিযোগ করেন যে, ছয় মাস ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার সুযোগ নিয়ে আরমান উদ্দিন টুলু ভাড়াটে লোক নিয়ে অবৈধভাবে ভেতরে ঢুকেছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তবে অভিযুক্ত আরমান উদ্দিন টুলু এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি গেস্ট হাউজ পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকেছিলেন এবং ভাঙচুরের অভিযোগটি ভিত্তিহীন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে উভয় পক্ষকে গেস্ট হাউজে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে এবং আদালতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত সেখানে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন