ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে কটিয়াদীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “কিশোরগঞ্জ মূলত একটি কৃষিনির্ভর জেলা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখানে উল্লেখযোগ্য কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি, যার ফলে বেকারত্ব বাড়ছে।” তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কিশোরগঞ্জকে একটি আধুনিক শিল্পাঞ্চলে পরিণত করবে এবং পিছিয়ে পড়া এই জনপদের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
তিনি আরও বলেন, “আমরা কেবল জামায়াতের সরকার নয়, বরং ১৮ কোটি মানুষের সরকার গঠন করতে চাই যেখানে সবার সমান অধিকার ও সুশাসন নিশ্চিত হবে।” জনসভায় ১১-দলীয় জোটের নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের জামায়াত সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই জনসভাটি কটিয়াদীসহ পুরো জেলায় ব্যাপক রাজনৈতিক উদ্দীপনা তৈরি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ