ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর এই ভাষণ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে সব প্রার্থীর জন্য রাষ্ট্রীয় গণমাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (গ) অনুযায়ী রাজনৈতিক দলের প্রধানদের জন্য বিটিভিতে বিশেষ সময় বা স্লট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই সুযোগের জন্য আবেদন করেনি। ফলে দলটির আবেদন অনুযায়ী তারেক রহমানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের অনুমতি দিতে বলা হয়েছে। ভাষণের রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে এবার ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। তারেক রহমানের এই ভাষণ ভোটারদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ