ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা ভোটারদের জন্য এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া দরিদ্র মানুষের ঋণ ব্যক্তিগতভাবে পরিশোধ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব প্রতিশ্রুতি দেন। এমদাদুল হক ভরসা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়ন বৈষম্য ও দমন-পীড়নের শিকার। তাই তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের আর্থিক বোঝা লাঘব করতে কাজ করবেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় গণমানুষের অধিকার আদায়ে সচেষ্ট। দল ক্ষমতায় এলে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। প্রচারণায় উপস্থিত সাধারণ মানুষের প্রতি তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের ডাক দেন।
উঠান বৈঠকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ