জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কাদিপুর গ্রামের মরহুম আপ্তাব মিয়ার ছেলে, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী মো. শামীম মিয়ার অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১ জুন ২০২৬) সকাল ১০ ঘটিকায় কাদিপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার বাড়িতে সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে এলাকার সুবিধা বঞ্চিত, অসহায়, নিম্ন আয়ের এবং চলতি বৈশাখে আগাম ফসল ডুবির শিকার হওয়া মোট ৬৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উৎসবের আমেজ শেষ হওয়ার পর এমন উপহার পেয়ে এসব পরিবারের নারী ও পুরুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সূত্রধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজাফফর আলী লিটন, কাদিপুর গ্রামের আলা উদ্দিন, মো. সুমন মিয়া, মো. আব্দুল নুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার স্থানীয় সাধারণ মানুষ।

খাদ্য সামগ্রী পাওয়া উপকারভোগীরা জানান, ঈদ পরবর্তী এই আচমকা সহায়তা তাঁদের নিত্যদিনের কষ্টকে কিছুটা ভুলিয়ে দিয়ে ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। তাঁরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসীর এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অন্য বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে দাতা মো. শামীম মিয়া মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, “সমাজের পিছিয়ে পড়া ও নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন কেবল ঈদের দিনেই শেষ না হয়ে সবার মাঝে আরও কিছুদিন স্থায়ী হয়—এই বিশ্বাস ও ভালোবাসা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


মন্তব্য করুন