স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম |সংগৃহীত
অনলাইন ডেস্ক: দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) প্রয়োজনীয় অর্থ বরাদ্দ যুক্ত হওয়ার পরেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি খুব শিগগিরই (আসবে)। ওয়ার্ড পর্যায়ে আমাদের দায়িত্বশীল লোকের দরকার, নির্বাচিত জনপ্রতিনিধির দরকার। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্থানীয় সরকার নির্বাচন দেবো।” নির্বাচন সংক্রান্ত আইনগুলোর বিষয়ে তিনি জানান, বিগত পার্লামেন্টে এই আইনগুলো পাস করা হয়েছে, তবে সেগুলো এখনও ভেটিং (আইনি যাচাই) হয়ে তাঁদের হাতে এসে পৌঁছায়নি।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য যে বাজেটের চাহিদা দিয়েছে, সেটি আগামী অর্থবছরের বাজেটে সংযুক্ত হওয়ার পর জুলাই-আগস্ট মাস থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে যৌথ সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর উন্নয়ন ও নাগরিক সেবার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা অনেক বড় একটি মহানগর এবং এখানে বিপুল সংখ্যক লোক বসবাস করে। এই মহানগরের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল লোক ও নির্বাচিত জনপ্রতিনিধি যত দ্রুত আসবেন, সাধারণ মানুষের নাগরিক সেবা তত দ্রুত বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।