দীঘিনালা বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড়

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
দীঘিনালা বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড়

রুপম চাকমা, দীঘিনালা: টানা ঈদের ছুটি শেষে বিভিন্ন প্রয়োজনকে কেন্দ্র করে রাজধানী ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়ে সরগরম হয়ে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল। আজ সোমবার (১ জুন) সকাল থেকে রাত পর্যন্ত টার্মিনালে যাত্রীদের ব্যাপক উপস্থিতি ও ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দূর-দূরান্তের মানুষ রাজধানীতে কর্মস্থলে যোগদান, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক কাজে যাতায়াতের জন্য বাস টার্মিনালে ভিড় করছেন।

টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের অনেক আগেই টার্মিনালে এসে বাসের জন্য অপেক্ষা করছেন। রাজধানীমুখী যাত্রীদের এই অতিরিক্ত চাপ সামাল দিতে পরিবহন কর্তৃপক্ষ নিয়মিত ট্রিপের পাশাপাশি বিশেষ ও অতিরিক্ত বাস পরিচালনার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

টার্মিনালে অবস্থানরত কয়েকজন যাত্রী জানান, ছুটি শেষে যথাসময়ে কর্মস্থলে ফিরতে এবং জরুরি কাজে ঢাকায় পৌঁছাতে তাঁরা আগেভাগেই টিকিট সংগ্রহ করে রেখেছেন। অন্যদিকে বাস চালক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে টার্মিনালজুড়ে ব্যাপক কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে।

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে।

সার্বিক বিষয়ে দীঘিনালা বাস টার্মিনালের সংশ্লিষ্ট শান্তি পরিবহনের lineম্যান মো. নাছির উদ্দিন জানান, “সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল দায়িত্ব। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন