দুর্গাপুরে বিশাল অজগর উদ্ধার, বনে অবমুক্ত

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
দুর্গাপুরে বিশাল অজগর উদ্ধার, বনে অবমুক্ত

নূর আলম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: মেঘালয়ের সীমান্তঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাছ ধরার জালে আটকে পড়া ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আগাড়পাড়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় বন বিভাগের সহায়তায় সেটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া এলাকার ত্রিনালী বাজারের পাশে শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। সাপটি জালে আটকে থাকার বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বন্যপ্রাণী নিয়ে কাজ করা উদ্ধারকর্মী আমিন খানকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সাপটিকে নিজের আয়ত্তে নেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জাধীন সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে নিরাপদে বস্তাবন্দী করা হয়। উদ্ধার প্রক্রিয়া শেষে বন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অজগরটিকে দুর্গাপুরের নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী টিকিয়ে রাখার ওপর জোর দিয়ে উদ্ধারকর্মী আমিন খান অনুরোধ জানান, লোকালয়ে সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী ধরা পড়লে সেটিকে যেন কোনোভাবেই আঘাত বা হত্যা করা না হয়। দুর্গাপুর রেঞ্জের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন বলেন, “কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে সেটিকে খাঁচায় বা বস্তাবন্দী করে আটকে রেখে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী হত্যা করা দেশের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থেই এদের টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন