গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
গোপালগঞ্জে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল (১৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গতকাল রবিবার (৩১ মে) রাতে সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বৃষ্টি মণ্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই মহাসড়ক থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডলকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি বৃষ্টি মণ্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তাঁর আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে এসব ইয়াবার চালান গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এনে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।

এসআই সঞ্জয় মালো আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের এমন বড় চালানের সাথে জড়িত অন্য চক্রটিকে ধরতেও পুলিশের অনুসন্ধান চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন