হোসেন্দী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ওয়ার্ড বিএনপির একটি দলীয় কার্যালয় এবং নেতাকর্মীদের অন্তত ১০টি বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখা নিয়ে হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ও একাধিক মামলার আসামি নাজমুলের সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে একটি মামলার হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত চত্বরে এই দুই পক্ষের লোকজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও চরম উত্তেজনা তৈরি হয়।
এরই জের ধরে দুপুরে নাজমুলের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চর-বলাকি গ্রামে মাহফুজ প্রধানের বাড়িসহ দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িঘর ও ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।