কটিয়াদীতে চুরির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তি গণপিটুনির শিকার

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
কটিয়াদীতে চুরির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তি গণপিটুনির শিকার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে চুরির অভিযোগে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আজ সকালে অগ্রেরকোনা গ্রামের বাসিন্দা মো. জাফরুল্লাহর বসতঘরে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আলমারি তল্লাশি করছিলেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘর থেকে কিছু স্বর্ণালংকার ও নূপুর খোয়া গেছে। তবে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

একপর্যায়ে উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নির্দেশে এসআই মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অচেতন ব্যক্তিকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানায়, আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অপরাধীকে পুলিশের কাছে সোপর্দ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন