গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পচা খাবার সরবরাহের অভিযোগ

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পচা খাবার সরবরাহের অভিযোগ

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সকালের নাস্তা হিসেবে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খেয়ে অন্তত দুইজন রোগী আরও অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রবিবার সকালে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে এই নাস্তা বিতরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে ওয়ার্ডের রোগীদের নাস্তা হিসেবে পাউরুটি ও সিদ্ধ ডিম সরবরাহ করা হয়। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরবরাহকৃত পাউরুটির প্যাকেটে থাকা মেয়াদের তারিখ একদিন আগেই পার হয়ে গেছে এবং সিদ্ধ ডিমগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। খাবার অত্যন্ত নিম্নমানের ও অস্বাস্থ্যকর হওয়ায় অধিকাংশ রোগীই তা খেতে পারেননি।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ইব্রাহিম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “রুটিতে ছত্রাক পড়ে গেছে আর ডিম থেকে পচা গন্ধ আসছিল। এই খাবার খেলে মানুষ সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়বে।” রোগীর স্বজন মানসুরা বেগম জানান, তাঁর ৭ বছর বয়সী ভাতিজা হাসপাতালে ভর্তি। সকালের পচা খাবার খেয়ে সেখানে ভর্তি থাকা এক নারী রোগী বমি করে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ডায়াবেটিস রোগী হাসিনা বেগম আক্ষেপ করে বলেন, “আমরা কি মানুষ নই? চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে কর্তৃপক্ষ।”

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে রোগীদের খাবার ও নাস্তা সরবরাহের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী নামের এক ঠিকাদার। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই নির্বিকার ছিল। অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, “এক রোগীর অভিযোগের বিষয়টি যদি সত্য হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।” হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তদন্তে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন