আওয়ামী নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ
আওয়ামী নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় একটি বহুতল ভবন নির্মাণের ফলে পাশের একটি আবাসিক হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। পাওনা টাকা দাবি করায় ক্ষতিগ্রস্ত হোটেলের মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিরোইল কাঁচাবাজার এলাকার বাসিন্দা মোঃ এনাজুল হক মহানগরীর শুভ পেট্রোল পাম্পের পাশে ‘হোটেল হক’স ইন’ পরিচালনা করেন। গত ১৩ মে ২০২৬ তারিখে উক্ত হোটেলের পাশে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিঃ-এর ২১ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু হলে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় হোটেলের ব্যাপক ক্ষতি হয়।

ভুক্তভোগী জানান, গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর অভিযোগের পর একটি সমঝোতা হয়। এতে ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হলেও ভবন কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট ১০ লক্ষ ৮৩ হাজার টাকা পরিশোধে তারা দীর্ঘ দিন ধরে গড়িমসি করছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পাওনা টাকা চাওয়ায় গত ১৩ মে ২০২৬ তারিখে অভিযুক্ত তুহিন এবং জয়নগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ভুক্তভোগী এনাজুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এনাজুল হক অভিযোগ করেন যে, পাওনা টাকা পরিশোধ না করে ঘটনাটি ভিন্নখাতে নিতে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের মতো মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত তুহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বোয়ালিয়া মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন