আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি ইরানবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস ইরাকচি।
বৃহস্পতিবার (১৪ মে) ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সৈয়দ আব্বাস ইরাকচি এক বিবৃতিতে জানান, এর আগে সংহতি বজায় রাখার স্বার্থে তিনি সরাসরি আরব আমিরাতের নাম উল্লেখ করেননি। তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন, "ইরানের ওপর যখন হামলা শুরু হয়েছিল, তখন আরব আমিরাত তার নিন্দা পর্যন্ত করেনি।" তিনি আমিরাত কর্তৃপক্ষকে ইরানের প্রতি তাদের বর্তমান নীতি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। এই বিবৃতির প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েল যুদ্ধের চলাকালীন বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন ইউএই সফরের বিষয়টিও আলোচনায় এসেছে।
অন্যদিকে, আমিরাতি প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ গত মঙ্গলবার এক বিবৃতিতে জানান যে, সংযুক্ত আরব আমিরাত কখনোই যুদ্ধ চায়নি এবং এটি বন্ধ করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, আরব আমিরাত সর্বদা রাজনৈতিক সমাধান এবং আলোচনার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। আনোয়ার গারগাশের মতে, উপসাগরীয় অঞ্চলে আরব-ইরান সম্পর্ক সংঘাত বা সংঘর্ষের ওপর ভিত্তি করে গড়ে তোলা সম্ভব নয়।
সূত্র: ডেইলি জং।
এ.আই.এল/সকালবেলা