বিচ্ছেদসহ নানা উত্থান-পতন পেরিয়ে নতুন ছন্দে শাকিরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ণ
বিচ্ছেদসহ নানা উত্থান-পতন পেরিয়ে নতুন ছন্দে শাকিরা

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও বিচ্ছেদের ক্ষত কাটিয়ে আবারও ফুটবলের আঙিনায় ফিরছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৪ মে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন অফিসিয়াল গান ‘দাই দাই’। এর মাধ্যমে দীর্ঘ এক দশক পর আবারও বিশ্বকাপের মূল মঞ্চ মাতাতে প্রস্তুত ৪৯ বছর বয়সী এই গায়িকা।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গানটি শাকিরাকে ফুটবলের বৈশ্বিক প্রতীকে পরিণত করে। এছাড়া ২০০৬ সালে ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের জন্য তৈরি ‘দাই দাই’ গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান তারকা বার্না বয়। গানটিতে লাতিন বিট ও আফ্রিকান ড্রামের এক অনন্য সংমিশ্রণ ঘটেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত টিজারে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গানটির চিত্রায়নের এক ঝলক দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পিকের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের নিয়ে ব্যস্ততার কারণে মাঝে দীর্ঘ বিরতি থাকলেও ফুটবলের সঙ্গে শাকিরার নাড়ির টান কখনোই ছিন্ন হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যখন বিশ্বকাপের গান করি, আমি সাড়ে তিনশ কোটি মানুষের আনন্দের প্রতিনিধি হতে চাই।” ভক্তদের মতে, শাকিরা ছাড়া বিশ্বকাপের উন্মাদনা পূর্ণতা পায় না। দীর্ঘ ১২ বছর পর তাঁর এই অফিশিয়াল প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে নস্টালজিয়া তৈরি করেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন