ফেনীতে গৃহবধূ হত্যায় নির্মাণশ্রমিক গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
ফেনীতে গৃহবধূ হত্যায় নির্মাণশ্রমিক গ্রেফতার

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) হত্যার ঘটনায় অভিযুক্ত নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় পুলিশ ও পিবিআইয়ের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, সাইফুল পেশায় নির্মাণশ্রমিক হওয়ার পাশাপাশি সিএনজি অটোরিকশা চালক ছিলেন এবং তিনি মাদকাসক্ত হিসেবে পরিচিত। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো: সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে নিয়ে অভিযানকারী দল ফেনীর পথে রয়েছে।

গত মঙ্গলবার (১২ মে) রাতে প্রবাসী মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তাঁর স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করার পর লাশ বালুচাপা দিয়ে পালিয়ে যায় ঘাতক। পরবর্তীতে পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এই ঘটনায় বুধবার (১৩ মে) নিহত রিনার বড় ছেলে আরজু বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌওজুল আজিম জানান, ঘটনার পর থেকেই ঘাতককে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত ছিল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন