ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে যাচ্ছে, আগাম নির্বাচনের প্রস্তুতি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে যাচ্ছে, আগাম নির্বাচনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন জোট সরকার দেশটির পার্লামেন্ট ‘নেসেট’ ভেঙে দেওয়ার লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছে। 

বুধবার (১৩ মে) এই পদক্ষেপের মাধ্যমে দেশটি এখন আগাম নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। চলমান যুদ্ধ এবং ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অভ্যন্তরীণ তীব্র মতভেদের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজনৈতিক, নিরাপত্তা এবং ধর্মীয় ইস্যু নিয়ে জোটের শরিকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে কট্টরপন্থী ইহুদি বা ‘হারেদিম’ সম্প্রদায়ের যুবকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে নিয়োগ সংক্রান্ত আইন নিয়ে বিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কট্টরপন্থী দলগুলো তাদের ধর্মীয় স্কুলের ছাত্রদের সামরিক সেবা থেকে অব্যাহতির দাবি জানিয়ে আসছিল, যা পূরণ না হওয়ায় নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি তৈরি হয়।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি ঘোষণা করেছে যে, তাদের সমর্থিত সংখ্যাগুরু অংশ নেসেট ভেঙে দেওয়ার বিলটি পেশ করেছে। বিলের খসড়া অনুযায়ী, পঁচিশতম নেসেট তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিলুপ্ত হবে এবং আইনটি পাস হওয়ার ৯০ দিনের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরাসি সংবাদ সংস্থার মতে, আগামী ২০ মে এই বিলের ওপর ভোটাভুটি হতে পারে।

গাজায় যুদ্ধ পরিচালনা, অর্থনৈতিক ক্ষতি, ক্রমবর্ধমান নিহতের সংখ্যা এবং জিম্মি মুক্তি ইস্যুতে নেতানিয়াহু সরকারের ওপর আগে থেকেই প্রবল জনরোষ ছিল। পর্যবেক্ষকদের মতে, এই আগাম নির্বাচন হবে মূলত নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোটের মতো। বর্তমানে ইসরায়েল তার ইতিহাসের অন্যতম জটিল রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: আল আরাবিয়া উর্দু। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন