ভারতে বিবাহে স্বর্ণের চেইন না পেয়ে নববধূকে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
ভারতে বিবাহে স্বর্ণের চেইন না পেয়ে নববধূকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিয়ের যৌতুক হিসেবে স্বর্ণের চেইন না দেওয়ায় এক নববধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে, যেখানে মাত্র কয়েক দিন আগেই ২৩ বছর বয়সী সঞ্জু কুমারীর বিয়ে হয়েছিল বিনোদ পাল নামে এক ব্যক্তির সাথে।

সঞ্জুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্যের চেয়েও বেশি খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন তাঁরা। যৌতুক হিসেবে ৪ লাখ টাকা নগদ, মোটরবাইক, ফ্রিজ, আসবাবপত্র ও বাসনপত্রসহ অনেক উপহার দেওয়া হয়েছিল। তবে বিয়ের দিন বরের পরিবার অতিরিক্ত হিসেবে একটি স্বর্ণের চেইন দাবি করে। সঞ্জুর পরিবার তখন সেটি দ্রুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

সঞ্জুর ভাই শিবম অভিযোগ করেন, স্বর্ণের চেইন না দেওয়ায় তাঁর বোনকে নিয়মিত শ্বশুরবাড়িতে খোঁটা দেওয়া হতো। স্বামী, শাশুড়ি ও ননদ মিলে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করত এবং বাপের বাড়ির সাথে যোগাযোগ করতে বাধা দিত। শিবম আরও জানান, শেষবার যখন তিনি বোনের শ্বশুরবাড়িতে ফোন করেন, তখন তাঁর শাশুড়ি ফোন কেড়ে নিয়ে হুমকি দিয়ে বলেন, "তোমার বোন আর বেঁচে ফিরবে না, এখান থেকে তাঁর লাশ বের হবে।" ফোনের ওপাশ থেকে বোনের চিৎকার শুনে কলটি কেটে যায়।

পরিবারের অভিযোগ, সঞ্জুকে শ্বাসরোধ করে হত্যা করার পর সব প্রমাণ নষ্ট করতে দ্রুত তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ফেলা হয়। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ সঞ্জুর শাশুড়ি সুমিত্রা দেবীকে গ্রেপ্তার করেছে। তবে জিজ্ঞাসাবাদে শাশুড়ি দাবি করেছেন, স্বর্ণের চেইন নিয়ে ঝগড়ার জেরে সঞ্জু আত্মহত্যা করেছেন। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সূত্র: জিও নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন