সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন জমা পেছাল

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়েছে। আগামী ২৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্ত সংস্থা রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের এএসআই মো. রেজাউল এই তথ্য নিশ্চিত করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে অপমৃত্যু মামলা করলেও পরে ১৯৯৭ সালে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। দীর্ঘ সময় পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে মামলাটি পুনরায় দায়ের করা হয়। ইতিপূর্বে সিআইডি তাদের তদন্ত প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করেছিল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন