মহসিন মিয়া, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফজমা পানির বোতল দিয়ে আঘাত করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ পুলিশের ভয়ে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। শিক্ষার্থীকে আহত করার ঘটনায় মামলা দায়েরের পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আহত শিক্ষার্থীর নাম মুগ্ধ তালুকদার (১১), সে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে এবং রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গত ১১ মে দুপুরে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমির জেরে শিক্ষক কাউসার আহমেদ তাকে মারধর করেন এবং বরফজমা পানির বোতল দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরে রাতে বমি ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ মারধরের কথা স্বীকার করলেও মারাত্মক আঘাতের বিষয়টি অস্বীকার করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা জানান, মামলা হওয়ার পর শিক্ষক কাউসার বৃহস্পতিবার মৌখিকভাবে ছুটি নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর জানান, তদন্তে মাথায় আঘাতের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, বুধবার দুপুরে আহত শিক্ষার্থীর মামা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এদিকে শিশুটির সুচিকিৎসা ও সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় সচেতন মহল সোচ্চার হয়ে উঠেছে।
এ.আই.এল/সকালবেলা