মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় একটি মসজিদের ভেতর থেকে ওই মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম জামে মসজিদের ইমামের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস (৩৫) কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পূর্ণগ্রাম জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মুসল্লিরা মসজিদসংলগ্ন তাঁর থাকার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কারণ ইমামের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কারও প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক বলে মন্তব্য করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন