নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। 

বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন জনৈক সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) এবং মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। তল্লাশিকালে রাজিবের কাছে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছে ৬ পিস ইয়াবা পাওয়া যায়।

নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভর নেতৃত্বে এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান ও কনস্টেবল রিয়াজ উদ্দীন এই অভিযান পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন