হরমুজ খোলা রাখতে চীন-আমেরিকা একমত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
হরমুজ খোলা রাখতে চীন-আমেরিকা একমত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ (Strait of Hormuz) বা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই পরাশক্তির শীর্ষ নেতা এই সিদ্ধান্তে পৌঁছান।

হোয়াইট হাউসের বরাত দিয়ে জানানো হয়েছে যে, জ্বালানি পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করতে এই জলপথটি খোলা রাখা অপরিহার্য বলে দুই নেতাই স্বীকার করেছেন। চীনা সরকারি টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন মোড়কে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, চীন ও আমেরিকা একটি গঠনমূলক এবং কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে, যা আগামী অন্তত তিন বছর এবং তার পরেও উভয় দেশকে পথ দেখাবে।

উভয় নেতা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, পর্যটন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তবে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে অত্যন্ত সতর্কতা অবলম্বনের জন্য ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছেন। এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং উত্তর কোরিয়া ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ইরান নিজের স্বাধীনতা ও প্রতিরক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত বলে সম্প্রতি ইরানি কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ে দুই বিশ্বনেতার এই সমঝোতা আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফেরাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন