মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে হাওরে ধান কাটতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে প্রাণ হারালেন সাদেক আহমেদ পায়েল (৩০)।
বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সুতাং নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত পায়েল হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পায়েল তাঁর ভাই ফরাশ মিয়াকে সাথে নিয়ে নৌকাযোগে হাওরে ধান কাটতে যান। কাজ শেষে ফেরার পথে সুতাং নদীর নিকটবর্তী এলাকায় পৌঁছালে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে তিনি নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ পায়েলের সন্ধান পাননি। পরবর্তীকালে বৃহস্পতিবার দুপুরে নদীর পাড়ের এক নারী ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নোয়াগাঁও গ্রাম সংলগ্ন সুতাং নদী থেকে লাশটি উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পায়েলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা