‘টাকা জোগাড় করে আসার পর মেয়েটাই মারা গেল’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
‘টাকা জোগাড় করে আসার পর মেয়েটাই মারা গেল’

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। টাকার অভাবে সঠিক সময়ে উন্নত চিকিৎসা না পেয়ে হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে পাঁচ মাস বয়সী শিশু রাইসা। রাইসা ও রুমাইসা নামের যমজ দুই বোনকে নিয়ে উন্নত চিকিৎসার আশায় ফরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন তাদের বাবা-মা, কিন্তু শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, পাঁচ মাস আগে ঢাকা মেডিকেলেই জন্ম হয়েছিল এই যমজ শিশুর। জন্মের পর ১৫ দিন এনআইসিইউ-তে থাকার সময় বিশাল অংকের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। সম্প্রতি রাইসা ও রুমাইসা হাম এবং নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসার পর রাইসার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত পিআইসিইউ (শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্র) সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

অর্থ সংকটের কারণে তাৎক্ষণিকভাবে রাইসাকে ঢাকায় আনতে পারেনি তার পরিবার। মা জান্নাতি বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “টাকার জন্য আসতে পারিনি। টাকা জোগাড় করে আসার পর মেয়েটাই মারা গেল।” বুধবার (১৩ মে) সকালে ফরিদপুর থেকে রাইসাকে ঢামেকে আনা হলেও বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার যমজ বোন রুমাইসাও হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

রাইসার মৃত্যুসনদে ‘হাম-পরবর্তী জটিলতা’কে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে মাত্র ১৭টি পিআইসিইউ শয্যা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে জেলা পর্যায় থেকে আসা জটিল রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান নিশ্চিত না হওয়া এবং জেলা হাসপাতালগুলোতে পিআইসিইউ সুবিধার অভাব রাইসার মতো শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। মেয়ের মরদেহ নিয়ে বাড়ি ফেরার অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করাও এখন রাইসার বাবা কামরুজ্জামানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন