নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনার অন্যতম প্রধান বিষয়গুলো ছিল: জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা। রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয় পদক্ষেপ।
সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছেন।